মাও সে তুংয়ের উপহার দেওয়া ট্রাক্টরসহ ভাসানীর স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি

ছবি: আগামীর সময়
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম ও চীনের বিপ্লবী নেতা মাও সে তুংয়ের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন তার ভক্ত-অনুসারী ও পরিবারের সদস্যরা। তাদের দাবি, এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে একটি আধুনিক জাদুঘর নির্মাণ করা হোক।
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত ট্রাক্টরটি শুধু একটি পুরনো কৃষিযন্ত্র নয়, এটি বাংলাদেশ-চীনের ঐতিহাসিক সম্পর্ক এবং ভাসানীর কৃষকবান্ধব সমবায় দর্শনের স্মারক। ট্রাক্টরটির পাশাপাশি ক্যাম্পাসে রয়েছে মওলানা ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তবে দীর্ঘদিন যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব ঐতিহাসিক নিদর্শন অযত্নে পড়ে ছিল।
ইতিহাস থেকে জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সে-তুং এর দেশে’ নামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে চীনের শীর্ষ নেতা মাও সেতুং তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর ধারাবাহিকতায় ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি বাংলাদেশে পাঠানো হয়। সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী এই ট্রাক্টর দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল।
দেশে আসার পর ট্রাক্টরটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে মওলানা ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয়। পরে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়। জনকল্যাণের চিন্তা থেকে ট্রাক্টরটি বসিয়ে না রেখে কৃষিকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন ভাসানী।
বিএডিসি জামালপুরে কিছুদিন ট্রাক্টরটি ব্যবহার করে। একপর্যায়ে এটি অকেজো হয়ে পড়লে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ঐতিহাসিক ট্রাক্টরটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার পর সম্প্রতি এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, ‘মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই ট্রাক্টর আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই তার সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি।’
ভাসানীর ভক্ত মো. হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, বাছেদ ও রমজানসহ অনেকে জানান, ট্রাক্টরটি দীর্ঘদিন ক্যাম্পাসের পূর্ব পাশের একটি স্থানে কিছুটা অযত্নে পড়ে ছিল। বর্তমানে এর কিছুটা যত্ন নেওয়া হচ্ছে। তবে ভবিষ্যৎ প্রজন্ম ও দর্শনার্থীদের জন্য সব নিদর্শন আরও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা জরুরি।
ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন বলেন, ‘মাও সে তুং বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবিগুলো এক জায়গায় রাখার জন্য বড় পরিসরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের দাবি জানাচ্ছি।’
ভাসানীর আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, ‘গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য আমাদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।’
মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বলেন, ‘স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও আমাদের দাবি, আরও জোরালো উদ্যোগ নিয়ে এখানে একটি আধুনিক জাদুঘর গড়ে তোলা হোক। সব নিদর্শন সংরক্ষণ করা হলে পরবর্তী প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।’
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছি এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তার ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি। এ উদ্যোগ অব্যাহত থাকবে।’



