নড়াইলে ৬ শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠা মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মাহবুবুর রহমান। ছবি: আগামীর সময়
নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় শিশু ছাত্রকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদ্রাসার আরও পাঁচ ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গ্রেপ্তার মাহবুবুর স্থানীয় তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। তার বাড়ি সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুণ্ড জানালেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আট বছর বয়সী এক ছাত্রের মা থানায় মামলা করেছেন গত শুক্রবার।
এজাহার থেকে জানা গেছে, গত ২৮ আগস্ট বিকালে শিশুর খোঁজ নিতে মাদ্রাসায় যান তার মা। ছেলে জানায়, আগের রাতে তাকে ধর্ষণ করেছেন মাহবুবুর। বিষয়টি মাদ্রাসার আরেক শিক্ষককে জানালে সামনে আসে আরও পাঁচ শিশুর ধর্ষণের অভিযোগ।
সেদিন থেকেই খোঁজ মিলছিল না মাহবুবুরের। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়, জানান সদর থানার পরিদর্শক অজয় কুমার।





