বিরল
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২

ছবি: আগামীর সময়
দিনাজপুরের বিরলের কওমি মাদ্রাসা থেকে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার পৌর শহরের মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শৌচাগার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আজ রবিবার সকালে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু সাফায়াত হোসেন (৮) বিরল উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন—মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেন (৩০) ও তার শ্যালক আবদুল্লাহ আল মামুন (১৩)।
এদিকে, শনিবার রাতেই পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, শিশু সাফায়াত হোসেন আট মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
শনিবার বিকালে সাফায়াতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। পরে দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি।
একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মোবাইল ফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করেন। দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালকসহ আরও একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




