গুলি কুপিয়ে ও পিটিয়ে ৩ জেলায় চারজনকে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
দেশে প্রতিদিনই কোনো না কোনো জেলায় ঘটছে খুনখারাবি। গতকাল মঙ্গলবারও গুলি করে, কুপিয়ে ও পিটিয়ে অন্তত চারজনকে হত্যার খবর পাওয়া গেছে। রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে প্রাণ গেছে এক যুবকের। ওই এলাকায় ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। ময়মনসিংহের ভালুকায় ‘সেলুন’ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে এবং মৌলভীবাজারের বড়লেখায় আরেক ব্যবসায়ীকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করা হয়েছে। আগামীর সময় প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
গতকাল সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে মারুফ হোসেন ওরফে দুখু নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, মারুফের বাড়ি ধলপুর এলাকায়।
সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিলের কারখানায় কাজ করতেন তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ সবার ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, লাশ মর্গে রাখা হয়েছে। মর্গের সামনে মারুফের স্ত্রী মিম সাংবাদিকদের বলেছেন, ‘সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটিপল্লীর মাঠে ছিলেন মারুফ। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।’ মিমের দাবি, কারও সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলা ছিল না মারুফের।
এদিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ছিনতাইকারী সন্দেহে মো. জনি (৩২) নামের যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। গতকাল সকালে ঘটে এ ঘটনা। নিহত জনি যাত্রাবাড়ীর কাজলার পাড়ের মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। যাত্রাবাড়ী থানার এসআই মো. হাসান জানালেন, সকালে ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে ঘিরে ধরে মারধর করা হয়। এতে জনি নামের ওই যুবকের মৃত্যু হয়। সে সময় আরও দুই যুবক পালিয়ে যান।
ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র ঋষি (৪৩) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। অভিযোগে সাদ্দাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ বিশ্বাস জানিয়েছেন, সেলুন ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।
মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামের দর্জি নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। তার পাশের দোকানদার ইমাম উদ্দিনের কাছে আলিফের ৯০ টাকা পাওনা ছিল। এ টাকা নিয়ে মঙ্গলবার বিকালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাকে রড দিয়ে আঘাত করেন।



