কুমিল্লায় ধানক্ষেতে মিলল স্কুলছাত্রীর মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় নিখোঁজের চার দিন পর জান্নাতুল তাজমিন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ।
নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবা একটি কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করা হয়।
বৃহস্পতিবার মেয়ের সন্ধানে বের হয়ে লালমাই থানায় যান বাবা আবদুল আলীম। সেখানে তিনি মেয়ের মরদেহ শনাক্ত করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমাই থানা এলাকা থেকে আগামীর সময়কে বলেন, ‘এই ঘটনার কারণ অনুসন্ধানসহ হত্যাকারীকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটির কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।



