থুথু ফেলা নিয়ে বিরোধ, রংপুরে কর্মচারী নিহত
রংপুর ব্যুরো

সংগৃহীত ছবি
রংপুর নগরীর খামার মোড় এলাকায় থুথু ফেলা নিয়ে বিরোধের জেরে নিহত হয়েছেন শাওন (২৫) নামের এক কর্মচারী।
মঙ্গলবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ জানায়, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে শাওনের সঙ্গে মনুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনু তাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন।
গুরুতর আহত শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মনুর পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।
তবে ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।




