আড়াই বছরেও সংস্কার হয়নি হাসনাবাদ ইউপি ভবন, ব্যাহত নাগরিক সেবা

ছবি: আগামীর সময়
কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন ভাঙচুরের আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। দরজা-জানালা, আসবাবপত্র ও প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় অরক্ষিত অবস্থায় চলছে পরিষদের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের নাগরিক ও ডিজিটাল তথ্যসেবা। সামান্য একটি সনদ পেতেও ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর উত্তেজিত জনতা হাসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের প্রায় সব দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টারেও (তথ্যসেবা কেন্দ্র) হামলা ও ভাঙচুর করা হয়। সেখান থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করা হয়।
সরেজমিন দেখা যায়, পরিষদ ভবনের প্রায় প্রতিটি কক্ষের দরজা-জানালা ভাঙা। কোনো কোনো কক্ষে দরজার পাল্লাও নেই। ফলে ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের আশঙ্কা, সন্ধ্যার পর ভবনটিতে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বাড়তে পারে।
অন্যদিকে, কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন অনলাইনভিত্তিক সেবা দিতে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পরিষদের কর্মীরা। এতে এসব সেবা নিতে আসা সাধারণ মানুষকে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
সেবা নিতে আসা একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ আড়াই বছর ধরে ভবনটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কম্পিউটার না থাকায় একটি সনদের জন্যও বারবার পরিষদে আসতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য স্বপন বলেন, ‘দরজা-জানালা না থাকায় পরিষদ ভবনটি এখন পুরোপুরি অরক্ষিত। সন্ধ্যার পর ভবনটি অন্ধকার হয়ে যায়। এতে বখাটে ও মাদকসেবীদের আনাগোনার আশঙ্কা রয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আসবাবপত্র ও কম্পিউটার না থাকায় আমরাও ঠিকমতো বসে মানুষের সমস্যার কথা শুনতে পারছি না।’
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসক ফেরদৌস আলম মজুমদার বলেন, ‘৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিষদ ভবন ও তথ্যসেবা কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরজা-জানালা ও কম্পিউটার না থাকায় দাপ্তরিক কাজ পরিচালনা এবং নাগরিক সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত বরাদ্দ পেলে ভবন সংস্কার ও তথ্যসেবা কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম পুনঃস্থাপনের কাজ শুরু করা যাবে।’




