আগামীর সময়

যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ডায়মন্ডের গয়না ও বৈদেশিক মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৪৯ বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল নতুনহাট বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মহাসড়কের ওপর থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫৫ দশমিক ৬৭ গ্রাম ওজনের হীরা বা ডায়মন্ডের গয়না উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৫০ ইউএস ডলার ও ২০০ থাই বাথ, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি এবং ৫ হাজার ৫৩০ টাকা। এছাড়াও একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে।

আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ডায়মন্ডগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।

বিজিবি জানায়, সুজাউদ্দিন একজন পেশাদার পাচারকারী। এর আগেও তিনি একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    শেয়ার করুন: