গুলিভরা বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক

আটক রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুস
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে গুলিভরা বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইউনুস (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি অ্যাংকলেট জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার চলাচলের একটি রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর এ-ব্লকের বাসিন্দা। তিনি আব্দুল শুক্কুরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় ইউনুসকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।



