কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল তরুণীর মরদেহ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি: আগামীর সময়
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহতের বয়স ১৮ থেকে ২০ বছর।
স্থানীয়রা জানান, সকালে ভবনটির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই কিশোরীকে ভবনটির ওপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করে থাকতে পারে।
নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে এটি হত্যাকাণ্ড কি না, কীভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।




