কর্মচারীর খোঁজ নিতে গিয়ে মিলল মুদি দোকানির ঝুলন্ত মরদেহ

সংগৃহীত ছবি
নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো. হানিফ ওরফে সুমন (৪০) নামে এক মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে দোকান বন্ধ থাকায় মালিকের খোঁজ নিতে গিয়ে তার কর্মচারী মরদেহটি দেখতে পান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের আলাবক্স বেপারী বাড়িতে ঘটে এ ঘটনা। নিহত সুমন ওই বাড়ির মৃত তফাজ্জল হকের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাট বাজারে মুদি দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত দুই দিন ধরে সুমনের দোকান বন্ধ ছিল। পরে দোকানের কর্মচারী জাহিদুল হক শাহীন মালিকের খোঁজ নিতে তার বাড়িতে যান। সেখানে বসতঘরের ভেতরে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
সুমনের স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। এ কারণে সাত থেকে আট মাস আগে তিনি বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুমন বাজারের হোটেলে খাবার খেতেন।
সেনবাগ থানার এসআই আব্দুর রউফ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুদিন আগে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।




