ভোটারদের হুমকির অভিযোগ, বিএনপি নেতাকে জরিমানা

ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মিনহাজুর রহমান দণ্ডাদেশ প্রদান করেন।
গত ০৪ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের নির্বাচনী এজেন্ট নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এম এ মজিদ ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয় বলেও উল্লেখ করেন তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্যের ভিডিও ফুটেজ, লিখিত জবাব ও দাখিলকৃত অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগটি আমলে নেয়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ লঙ্ঘনের প্রাথমিক উপাদান পাওয়া যায় বলে উল্লেখ করা হয়।















