কক্সবাজার
সাইকেল-জুতা পুকুরপাড়ে, সাত ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

নিহত আবু গালিব
পুকুরপাড়ে পড়ে আছে একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি গেঞ্জি। সবকিছু আছে, শুধু নেই সেগুলোর মালিক কিশোরটি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গোসল করতে নেমে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সে। এরপর সাত ঘণ্টার অপেক্ষা। ফায়ার সার্ভিসের তল্লাশি, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষের উৎকণ্ঠা। শেষ পর্যন্ত চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দলের সদস্যরা পুকুরের গভীর তলদেশ থেকে উদ্ধার করেন তার নিথর দেহ।
আজ শনিবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আবু গালিব। সে কক্সবাজারের মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মোহাম্মদ কৌশল এবং মায়ের নাম জেসমিন সুলতানা।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আবু গালিব। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পুকুরপাড়ে পড়ে থাকা সাইকেল, জুতা ও গেঞ্জি দেখে বিষয়টি জানাজানি হলে সেখানে ছুটে আসেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুকুরে জাল ফেলে ও বিভিন্নভাবে তল্লাশি চালিয়েও প্রথম দিকে তার সন্ধান মেলেনি। কক্সবাজারে ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান চালাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
এ অবস্থায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের উদ্যোগে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার ব্যবস্থা করা হয়। পরে দলটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে পুকুরের মাঝখানের গভীর তলদেশ থেকে আবু গালিবের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেছেন, পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।




