ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪, শূন্য পাস ১৯ প্রতিষ্ঠানে

শনিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। ছবি: আগামীর সময়
চলতি বছরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন।
আজ শনিবার সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ড কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়।
এই শিক্ষাবোর্ডের অধীনে ৫টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হলো, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ সিটি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
সম্মেলনে জানানো হয়, এবারের এইচএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৬৭৩ জন। পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ১ হাজার ১৮ জন। মেয়েদের সংখ্যা ১ হাজার ১১৯ জন। ১৯টি কলেজের কেউ পাস করেনি।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত উল্লাহ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ খ ম কামাল হাসান।
সচিব এনামুল হক বললেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা না করেও ভালো ফলাফল করার যে সংস্কৃতি চালু হয়েছিল তা থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করেছি। যারা পাস করেনি, তাদের জন্য সমবেদনা। তারা ভবিষ্যতে ভালো ফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ময়মনসিংহ নগরীতে সবচেয়ে ভালো ফলাফল করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ কলেজ থেকে ৭০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই পাস করেছে।
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান জানিয়েছেন, তারা সবার আগে কোয়ালিটি এডুকেশনকে গুরুত্ব দেন। তাই এমন ভালো ফলাফল হয়েছে।




