বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বাউফল পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌর শহরের নির্বাচন অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
স্থানীয়রা জানান, বাউফলের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েলের সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রলীগের নেতা রাইজুল আহম্মেদ তাফছান।
মিছিল শেষে রাইজুল আহম্মেদ তাফছান আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘বাউফল থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’





