গাজীপুর
সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের আহ্বান, ১২ ঘণ্টার আলটিমেটাম

ছবি: আগামীর সময়
আগামী ৮ জানুয়ারি থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে গাজীপুরের সালনা এলাকায় মাওলানা সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন বন্ধের আহ্বান জানিয়েছেন তাবলিগ জামাতের সুরায়ে নেজামের আলেম-ওলামারা। একই সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে লংমার্চের ঘোষণা দিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজী। তিনি বলেন, বিতর্কিত সাদপন্থীদের বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমার নামে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে গত ১৬ অক্টোবর টঙ্গীর মাঠে শীর্ষ মুরুব্বি, ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ব ইজতেমার আগে সাদপন্থীদের কোনো ধরনের জমায়েতের সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, শীর্ষ ওলামায়ে কেরামের আহ্বান উপেক্ষা করে সাদপন্থীদের গাজীপুরের সালনার বাঁশবাড়ী এলাকায় জেলা ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে সেখানে তাদের কার্যক্রম শুরু হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে গাজীপুরে জেলা ইজতেমা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করেন। এ ধরনের আয়োজনের তীব্র প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে জেলা ইজতেমা বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় শুক্রবার বাদ ফজর সালনার বাঁশবাড়ী অভিমুখে লংমার্চের ঘোষণা দেন তারা। এ সময় বক্তারা বলেন, দাবি পূরণ না হলে তৌহিদি জনতা ওই আয়োজন বন্ধে কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মাওলানা মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোখলেসুর রহমান, জুলফিকার হায়দার ও মাওলানা কাউসার আহমেদ হাবিবি উপস্থিত ছিলেন।




