মোবাইল ফোনের জন্য অপ্রতীমকে হত্যা : পুলিশ
- একজন আটক

মায়ের সঙ্গে অপ্রতীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে নিখোঁজ ছিল অপ্রতীম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মোবাইল ফোনের জন্যই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটক করেছি।’
আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি।
ছেলে নিখোঁজ হওয়ার পর সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অপ্রতীমের মা নাহিদা বেগম। সেখানে তিনি লিখেছিলেন, আমার ছেলেকে বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩ বছর, ক্লাস সেভেনে পড়ে। সে আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি।




