হাসপাতালের বন্ধ লিফটের সামনে পড়ে ছিল বৃদ্ধের লাশ, পরিচয় মেলেনি

ঈদের রাতের আনন্দ-কোলাহলের মাঝেও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেমে এলো এক বিষণ্ন নীরবতা। হাসপাতালের বহিঃবিভাগের একটি বন্ধ লিফটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের আউটডোর ভবনের লিফটের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে বহিঃবিভাগ বন্ধ থাকায় ওই লিফটটি চালু ছিল না। রোগী ও দর্শনার্থীরা যাতায়াত করছিলেন হাসপাতালের ভেতরের অন্য লিফট ব্যবহার করে। রাত ১টার দিকে লিফটম্যান জাবেদ মিয়া হাসপাতালের পুলিশ বক্সের দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে চারতলায় যাওয়ার উদ্দেশ্যে আউটডোরের লিফটের সামনে যান। সেখানে পৌঁছাতেই তাদের চোখে পড়ে মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা ওই বৃদ্ধ।
তারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজি পরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন যে বৃদ্ধ আর বেঁচে নেই। চিকিৎসকদের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
হাসপাতালে অবস্থানরত কয়েকজন দর্শনার্থী জানান, গত কয়েকদিন ধরেই ওই বৃদ্ধকে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতে তিনি হাসপাতালেই আশ্রয় নিতেন এবং সেখানেই অবস্থান করতেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞাত এই বৃদ্ধের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় তার ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। একাকী ও নিঃসঙ্গ অবস্থায় চলে যাওয়া এই মানুষের পরিচয় এখনো খুঁজছে পুলিশ।






