উলিপুরে ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার

মো. আফজাল হোসেন। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ আটক হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকসংক্রান্ত অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আফজাল গ্রেপ্তার হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। এ ঘটনা সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুতর হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে তাকে হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা জানিয়েছেন, আফজালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেউ মাদকসহ যেকোনো অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এ ধরনের ব্যক্তির কোনো স্থান নেই।
রবিবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল উপজেলার পুরাতন অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আফজালকে তার নিজ বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবাসহ আটক করে।




