নারায়ণগঞ্জ
ঝুটের বিরোধে সংঘর্ষ-গুলি: যুবদল নেতার নামে মামলা

ছবিঃ আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনায় স্থানীয় যুবদল নেতাসহ ১২ জনের নামে হয়েছে হত্যাচেষ্টা মামলা। বাদী স্থানীয় বিএনপি নেতা। তার ছেলে গুলিবিদ্ধ হয়েছেন এই সংঘর্ষে।
মামলার মূল আসামি জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। আর বাদী এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা। সংঘর্ষটি হয়েছে তাদের অনুসারীদের মধ্যে।
আজ দুপুরে ফতুল্লা মডেল থানায় হয়েছে এ মামলা, নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় বৃহস্পতিবার ঘটে সংঘর্ষটি। সেসময় ছোড়া হয় গুলি ও ককটেল। গুলিবিদ্ধ শিশু মো. ইমরান (১৩) ও রাকিব (২৩) ভর্তি হাসপাতালে।
ঘটনার পর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ নামের একটি কারখানার ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে এই বিরোধ। এক গ্রুপের নেতৃত্বে জেলা যুবদল নেতা মশিউর রনির অনুসারী অভি ও মানিক। অন্য গ্রুপটি বিএনপি নেতা খোকার অনুসারীদের। এর নেতৃত্বে আছেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজি মাসুদুর রহমান মাসুদ।
তবে এজাহারে সংঘর্ষ নয়, ঘটনাটিকে হামলা বলছেন বাদী খোকা। তার বর্ণনা- কারখানার ঝুট নামানো নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে চলছিল বিরোধ। গত ৯ এপ্রিল সকালে লোকজন জড়ো হওয়ার খবরে বাদী যান ঘটনাস্থলে। অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র, ককটেলসহ দেশিয় নানা অস্ত্র নিয়ে তাকে আটকে মারধর করে।
বাদীর অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা গুলি ও ককটেল ছুড়তে থাকে। বাবার উপর হামলার খবরে সেখানে গেলে বুকে গুলিবিদ্ধ হন রাকিবুল হোসেন রাকিব।
কারখানা থেকে ঝুট নামাতে না পেরে অভিযুক্তরা এলাকায় ত্রাস সৃষ্টি ও মালিকপক্ষকে ভয় দেখাতে ঘটায় এ ঘটনা- দাবি বাদীর।
আসামীপক্ষও থানায় অভিযোগ নিয়ে এসেছে- জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
‘একপক্ষ মামলা করেছে, আবার অপর পক্ষও অভিযোগ দায়ের করেছে। আমরা বিভিন্নভাবে তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে’- বললেন এই কর্মকর্তা।

