কয়রা
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার, পালিয়ে গেল শিকারিরা

সংগৃহীত ছবি
খুলনার কয়রার গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি আস্ত চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শিকারিরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনসংলগ্ন কয়রা থানার গোলখালীর সিংয়ের বাঁধ এলাকার গহিন বনে একটি চক্র হরিণ শিকার করে মাংস পাচারের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে বুধবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি আস্ত চামড়া উদ্ধার করা হয়।
জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, হরিণ শিকার, বিষ দিয়ে মাছ ধরা ও বনদস্যুতা রোধে আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।



