তারাগঞ্জ
অভিযোগ ছিল বাস থেকে ফেলে দুইজনকে হত্যা, মামলা হলো দুর্ঘটনার

দুর্ঘটনার পর পরই বাসটি আটকে দেয় স্থানীয়রা। ছবি: আগামীর সময়
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় নিহত একজনের বাবার করা মামলায় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তাদের মৃত্যু হয়। চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার কোনো অভিযোগ সেখানে নেই। অথচ বাসের যাত্রী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের বক্তব্যে ঘটনার ভিন্ন বর্ণনা পাওয়া গেছে।
গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তারা কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন। বাড়ি ফেরার পথে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মুকুলের বাবা মাহবুবুর সরকার গত রবিবার দুপুরে তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাসচালক আজির হোসেন ও সহকারী শফিক ইসলামকে আসামি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
এজাহারে বলা হয়, মুকুল ও শাকিব প্রায় এক মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে কুমিল্লায় যান। ১৪ নভেম্বর রাতে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পরদিন সকাল সোয়া ৮টার দিকে তারাগঞ্জের জিগাতলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে যান।
এজাহারে আরও বলা হয়েছে, বাসের ভাড়া নিয়ে চালক ও সহকারীর সঙ্গে দুই শ্রমিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বাস থেকে নেমে সামনের দিক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে এজাহারে তাদের বাস থেকে ধাক্কা দিয়ে বা লাথি মেরে ফেলে দেওয়ার কোনো অভিযোগ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার ভিন্ন বর্ণনা পাওয়া গেছে। স্থানীয় কুর্শা জিগাতলা এলাকার কৃষক জামাল হোসেন ঘটনার সময় কয়েকজন শ্রমিকের সঙ্গে মহাসড়কের পাশে ধান কাটছিলেন। তিনি বলেন, ‘আমরা ধান কাটতেছি। মোটরসাইকেল থেকে চিল্লাচ্ছে। গাড়ি থেকে লোক ফেলে দিছে। তখন লাফ দিয়ে আমরা রাস্তায় উঠছি। লোকটার ওপর দিয়ে গাড়িটা চলি গেছে।’
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন, ‘চিল্লানি শুনি আমরা ১৮-২০ জন রাস্তায় উঠে দেখি দুই জায়গায় দুইজন পড়ি আছে। গাড়িটা চলি যাচ্ছে। দেখি একজন চাকায় পিষ্ট হয়ে মারা গেইছে। আরেকজনকে হাসপাতালে পাঠাছি।’
প্রত্যক্ষদর্শী রাজ্জাক ইসলাম বলেন, ‘আমরা ধান কাটির যাইছি। রাস্তা পার হই নাই। দেখি রাস্তায় গাড়ি থাকি একজনকে লাথি মারি ফেলে দেইল। লোকটা একেবারে ওই জায়গায় শেষ। পরে একটু আগে যেয়া দেখি, আরেকটা লোকও রক্তাক্ত হয়া পড়ি আছে। ওই লোকও বাঁচি নাই।’
ওই বাসের যাত্রী ও নিহতদের প্রতিবেশী চাচা আতিক ইসলামের অভিযোগ, বাসের সহকারী তাকে গামছা দিয়ে আটকে রেখেছিলেন। এ সময় দুই শ্রমিক চলন্ত বাসে ওঠার চেষ্টা করলে চালক বাসের গতি বাড়িয়ে দেন। পরে সহকারী তাদের লাথি মেরে ফেলে দেন।
এদিকে সড়ক দুর্ঘটনার মামলা করার বিষয়ে জনাতে নিহত মুকুলের বাবা মাহবুবুর সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানিয়েছেন, মুকুলের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এজাহারে হত্যা বা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ না থাকার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, বাদী হত্যা বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয় উল্লেখ করেননি। তিনি ভাড়া নিয়ে তর্কের কথা বলেছেন। এটি হত্যা কি না, তা তদন্ত করে দেখা হবে। মামলাটি তদন্ত করছে হাইওয়ে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




