রাজাপুরে বিভাগীয় কমিশনারের পরিদর্শনে ভূমি কর্মকর্তা বরখাস্ত

রাজাপুরের একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ (বাঁয়ে)। ছবি: আগামীর সময়
ঝালকাঠির রাজাপুরের ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। আজ সকাল সাড়ে ৯টায় শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন, ঝুলছে তালা। ছিলেন না কর্মকর্তা বা কর্মচারীদের কেউ।
অফিসের পাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি ও একটি মুদি দোকানদারের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা জানান, কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।
এরপর নির্ধারিত সময়ে কাজে উপস্থিত না থাকায় কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছেন কমিশনার খলিল। তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর (শো-কজ) নোটিস।
বিভাগীয় কমিশনার খলিল বলেছেন, ‘কাউকে না জানিয়ে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় যাই। অফিস প্রধান ও কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ... নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ।’
সরকারি অফিসগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে বলে সতর্ক করলেন এই কর্মকর্তা। তিনি মনে করেন, এ ধরনের নজরদারি বাড়ালে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি বাড়বে এবং জনগণ ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।






