পুকুরে গোসল করতে গিয়ে হাতিয়ায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মো. সোহাগ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন এবং মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পেছনের পুকুরে একা গোসল করতে যায় সোহাগ। কিছুক্ষণ পর তার জেঠাতো বোন পলি আক্তার (২৩) একই পুকুরে গোসল করতে নামেন। পানির নিচে ডুব দেওয়ার সময় তার পায়ে সোহাগের মাথার চুল স্পর্শ করলে বিষয়টি টের পান তিনি। পরে পানির নিচ থেকে সোহাগকে উদ্ধার করে ওপরে তোলা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।




