জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রী পেল গোলাপি সাইকেল

শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন ছাত্রী পেল গোলাপি রঙের বাইসাইকেল। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিরাপদে যাতায়াত এবং উপস্থিতি বাড়াতেই এই উপহার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া অন্তত দেড় হাজার শিক্ষার্থীকে দেওয়া হয়েছে জাইমা রহমানের ছবিযুক্ত মগ। ছিল অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশনের উদ্যোগ।
আজ রবিবার সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ করা হচ্ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলেও জাইমার জন্মদিন পালনের কথা জানান তিনি। বলেন, তখন দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি নেওয়া হতো।
নারী শিক্ষার প্রসারেই জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এসব উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ‘জিয়া পরিবারের মঙ্গল কামনায় দুই দশক ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের উদ্দেশ্য।’
এ সময় বাল্যবিয়ে ও ইভ টিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অপরদিকে দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চলছিল বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম। আয়োজকরা জানিয়েছেন, সেখানে দুই দিনে প্রায় চার হাজার মানুষ এই সেবার আওতায় এসেছে। এর আগে প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে চক্ষুচিকিৎসা দেওয়া হয়েছিল।
সেখানে জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মীর শাহে আলম মন্তব্য করেন, ‘জামায়াত ধোঁকাবাজির রাজনীতি করে। যারা তাদের ধোঁকায় পড়েছে, তারা আজ আফসোস করে। এরা ভোটের জন্য মাথায় টুপি দিয়ে ঢাকের তালে নেচেছে, এবার ভোট শেষ, তাদের আর মণ্ডপে দেখা যায়নি। মুসলিমদের বেহেশতের লোভও আর দেখায় না। ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কথা তারা ভাবে না, বলেও না। অথচ তাদের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ ছাড়া মোকামতলা ও শিবগঞ্জে যাদের চোখের সমস্যা আছে, তাদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





