ঘরে ঢুকে বৃদ্ধার কানের দুল ও গলার চেইন ছিনতাই

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুরে ঘরে ঢুকে এক বৃদ্ধার কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরুতি ব্যানার্জি (বৃদ্ধা) ওই গ্রামের মৃত মহিত ব্যানার্জির স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় আরুতি ব্যানার্জি নিজ ঘরে ছিলেন। এ সময় মুখে মাস্ক পরা এক যুবক হঠাৎ ঘরে ঢুকে তার কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আতঙ্কে ও প্রাণভয়ে তিনি তখন চিৎকার করতে পারেননি।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নিরাপদ রায় বলেন, ‘ঘটনার পরপরই বিষয়টি ইউনিয়নের বিট অফিসার এসআই আবদুল হককে জানানো হয়েছে।’
এ বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



