তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার

নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। ছবি: সংগৃহীত
ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তার আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া। তিনি জানিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক অপর দুজন হলেন আনাস ও ফাহিম। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর আনাস ও ফাহিমকে আটক করা হয়।
পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া জানান, সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।
কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। কোটবাড়ী-গন্ধমতী এলাকায় তাদের বাড়ি।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কে এম ফিরোজ শাহরিয়ার জানান, শুক্রবার জুমার নামাজের পর অপ্রতিম পরিবারের সঙ্গে দুপুরের খাবার খায়। পরে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যাওয়ার কথা বলে। কিন্তু আর বাড়ি ফেরেনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্তব্য করেন, ‘সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।’
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা যায়। পরে তুহিন নামে ওই যুবককে আটক করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রক্টরিয়াল বডির সদস্য মাহমুদুল হাসান রাহাত জানান, শুক্রবার রাতভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। একটি ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। স্থানীয় অনেককে ফুটেজের ছবি দেখানোর পর ওই যুবককে সানন্দা এলাকার নুরে আলমের ছেলে তুহিন হিসেবে শনাক্ত করা হয়।
স্থানীয়রা জানান, সানন্দার পাহাড়ি এলাকাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় আড়াই কিলোমিটার এবং অপ্রতিমের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. রাকিবুল হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।




