সাবেক এমপি তুহিনসহ ১৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার (১ আগস্ট) নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় সংলগ্ন একটি কাঁচা সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ ও জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল ইসলাম শাহীন এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






