শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ শনিবার সকালে উদ্ধার করা হয় মরদেহগুলো।
মৃত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের মো. জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮)।
নিখোঁজ দুজন হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) ও নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. সৌরভ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম।
তিনি জানিয়েছেন, সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।
স্থানীয়দের বরাতে তিনি জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকালে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানায় তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধারে নদীতে নেমেও কোনো সন্ধান পাননি। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করে ফায়ার সার্ভিস।
নিখোঁজ অন্য দুজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।




