শরীয়তপুর
স্কুলের চালা কেটে লাইব্রেরিতে লুট, খোয়া গেছে ছুটির ঘণ্টাও

সারেংকান্দি মতিউর রহমান সরদার উচ্চ বিদ্যালয়
শরীয়তপুরের জাজিরায় একটি বিদ্যালয়ের লাইব্রেরির চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। লাইব্রেরিতে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমনকি খোয়া গেছে বিদ্যালয়ের ছুটির ঘণ্টাটিও। এ সময় কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়।
গত রবিবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি এলাকায় সারেংকান্দি মতিউর রহমান সরদার উচ্চ বিদ্যালয়ে।
গতকাল সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও কর্মচারীরা লাইব্রেরির তালা ও টিনের চালা কাটা অবস্থায় দেখতে পান।
ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানালেন, রবিবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে লাইব্রেরি গুছিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে যান তারা। সকালে এসে তারা দেখেন, লাইব্রেরির ভেতরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিদ্যালয়ের ছুটির ঘণ্টা।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আরিফ হোসাইন বলেছেন, এর আগেও বিদ্যালয়ে কয়েকবার ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন বরাদ্দ হয়েছে।
একটি মহল উন্নয়ন ও ভবন নির্মাণের কাজ বাধাগ্রস্ত করতে এসব ঘটনা ঘটাচ্ছে বলে তার অভিযোগ।
বিদ্যালয়ের দপ্তরি মোহাম্মদ আলী বললেন, সকালে এসে লাইব্রেরির টিন কাটা অবস্থায় দেখা যায়। ভেতরের আসবাবপত্র ও কাগজপত্রও তছনছ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের একটি পক্ষ সুমন খান নামে এক ব্যক্তিকে অভিযুক্ত বলছেন। প্রবীণ ব্যক্তি আব্দুল হামিদসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান সরদারের সঙ্গে সুমন খানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
তাদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার এবং বিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এর আগেও তিনি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুমন খান। তিনি জানালেন, বিদ্যালয়ের ভাঙচুর বা ক্ষয়ক্ষতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান সরদারের বিরুদ্ধে কিছু বিষয়ে তার ক্ষোভ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জাজিরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেছেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




