পাউবোর দুই কোটি টাকার জমিতে অবৈধ স্থাপনা, উদ্ধার করল প্রশাসন

ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কোটি টাকা মূল্যের পাঁচ শতাংশ জমি অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। গতকাল রবিবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে অভিযান চালিয়ে ওই জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম এবং পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুর রহিমসহ স্থানীয় সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীরা।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল বললেন, তোরাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাহার কসাই পাউবোর প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণ করেছিলেন। বিষয়টি জানার পর প্রশাসনের সহযোগিতায় এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এতে প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার হয়েছে।
তবে জমিতে স্থাপনা নির্মাণের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন বাহার কসাই। তিনি বললেন, জমিটি আগে তার পূর্বপুরুষদের ছিল। বর্তমানে সেটি পাউবোর সরকারি জমি। দীর্ঘদিন ধরে তিনি গরুর ব্যবসা ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। দুর্গন্ধের কারণে স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শে বাড়ির সামনে গরু রাখা ও কসাইয়ের কাজের জন্য একটি চালাঘর নির্মাণ করেছিলেন। কয়েকজনের ইন্ধনে সেটি ভেঙে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।
বাহার কসাই আরও বললেন, স্থাপনা উচ্ছেদের সময় তার ছেলে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেছেন, পাউবোর দখল হয়ে থাকা প্রায় পাঁচ শতাংশ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছেন, এমন ব্যক্তিদের বিষয়েও প্রশাসনের নজর রয়েছে।



