কক্সবাজার বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক নারী— সংগৃহীত
কক্সবাজার বিমানবন্দরে এক নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৯ হাজার ৮২৫টি ইয়াবা জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আটক করা হয়েছে জেসমিন আক্তার (৩৭) নামে ওই নারীকে।
আজ রবিবার সকালে অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার আগে এ ঘটনা ঘটে। পরে আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানালেন, ঢাকাগামী ফ্লাইটের যাত্রী হিসেবে জেসমিন আক্তার বোর্ডিং পাস সংগ্রহ করেন। নিয়ম অনুযায়ী হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর নিরাপত্তা কর্মীরা লাগেজ খুলে তল্লাশি চালান।
জেসমিনের ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে প্যাকেট খুঁজে পান তারা। সেগুলো খুলে ৯ হাজার ৮২৫টি ইয়াবা জব্দ করা হয়।




