অবরোধে পর্যটকশূন্য খাগড়াছড়ি গেইট

সাজেকের দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধে পর্যটকশূন্য খাগড়াছড়ি গেইট এলাকা। ছবি: আগামীর সময়
সকাল ৮টা। সাধারণত এ সময় পর্যটকদের পদচারণায় মুখর থাকে খাগড়াছড়ি গেইট এলাকা। তবে সাজেক পর্যটন এলাকাসহ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস অবরোধের কারণে এলাকাটি ছিল একেবারেই নীরব। পর্যটকদের আনাগোনা না থাকায় খোলেনি দোকানপাটও।
সাজেকের দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধের প্রতি সমর্থন এবং অবরোধকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ।
অবরোধের কারণে সকাল থেকেই খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলাচল করছে। ভোরে খাগড়াছড়িতে পৌঁছানো রাতের বাসগুলো বিশেষ নিরাপত্তায় শহরে প্রবেশ করেছে।
এদিকে অবরোধের সমর্থনে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভের চেষ্টা করেন পিকেটাররা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ ঘটনা ছাড়া সকাল পর্যন্ত অন্য কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।




