রংপুরে এবার গলাকাটা মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত অটোরিকশাচালকের নাম মোকলেসুর রহমান। তিনি গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকলেসুর রহমান শুক্রবার রাত ১১টার পর রংপুর নগরীর বুড়িরহাট থেকে যাত্রী নিয়ে গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকার দিকে যান। সেখানে ছিনতাইকারীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।








