ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে আগুনের কুণ্ডলী বেড়িয়ে আসে। ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে বেড়িয়ে আসছে আগুনের কুণ্ডলী। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি স্থানে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম।
তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছে। আগুন তখনো জ্বলছিল। মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক আলামিন। তিনি জানান, আগুনের উৎপত্তিস্থলের পাশের একটি ঘরে কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হতে দেখে তারা ভয় পেয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
তবে মাটির নিচে গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত কারণ জানা যেতে পারে।




