বাঁধনের ওপর হামলা: মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

মনিরুলের বাড়িতে তালা
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মনিরুল হাওলাদারের বাড়ি এখন তালা।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় তার মা ও পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা আরও জানান, মনিরুলের বাড়িতে এসেছিলেন রাষ্ট্রসংলাপ ফোরােমের সভাপতি আয়াশ। তিনি এসেও দেখেছেন মনিরুলের বাড়িতে তালা। লোকজন নেই। আয়াশ স্থানীয় চেয়ারম্যান ও থানার ওসির সঙ্গে কথা বলেছেন।
এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য মনিরুলের বাড়ির আশপাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকায় মনিরুলের গ্রামের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মনিরুল ওই এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। ধুরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মনিরুল।
এলাকাবাসী জানান, মনিরুলের গ্রামের বাড়িতে তার মা আলেয়া বেগম ও বড় ভাইয়ের পরিবার থাকতেন। তার তিন বোনেরই বিয়ে হয়েছে। জরাজীর্ণ একটি দোচালা ঘরে তাদের বসবাস। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হওয়ার পর নিরাপত্তার কারণে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে বাড়িতে তালা।
মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, ‘এখনো বাড়িঘর করতে পারেনি। মাথার ওপর ঋণের বোঝা। ঋণ করে বিদেশ গেছে। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে দেশের মান-সম্মান নষ্ট করেছে। ওর বিচার হোক। আমরা ওর সঙ্গে নেই। এমন লোক থাকার চেয়ে না থাকাই ভালো। ওর মা, ভাই-বোন সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনয়শিল্পীর ওপর এমন ঘটনায় তারা বিব্রত ও ক্ষুব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির আইনগত শাস্তি দাবি করেছেন।
ওসি বলেন, ‘ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়েছে। তিনিও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।’







