বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (৯ ) নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত সাথী আক্তার এলাকার জাকিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী তার ফুফুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় সে। অনেকক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরুর প্রায় ২ ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




