খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ৩ দিনের আলটিমেটাম

গ্রাফিকস: আগামীর সময়
সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে ফার্মেসি ব্যবসায়ীদের সুরক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গোপনে এসব স্মারকলিপি দেওয়া হয়। এতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্মারকলিপি দেওয়া হয়েছে। পত্রিকায় নাম ও ছবি প্রকাশিত হলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের পক্ষ থেকে হুমকির আশঙ্কা রয়েছে। এ কারণে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। এর অনুলিপি বিভাগীয় কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
‘খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে ফার্মেসি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। এ ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। ফার্মেসি ব্যবসায়ীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত, কোথাও কোথাও সারা রাত ওষুধ ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, সম্প্রতি খুলনার টুটপাড়ার চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ নগরীর বিভিন্ন এলাকার ফার্মেসি ব্যবসায়ীদের কাছে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজরা বড় অঙ্কের চাঁদা দাবি করছে। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এসব ঘটনার কারণে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি ফার্মেসি বর্তমানে বন্ধ রয়েছে।
এতে অভিযোগ করা হয়, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব কেমিস্ট ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।



