‘স্থানীয় সরকার নির্বাচনে জোটগত প্রার্থী দেবে না এনসিপি’

কথা বলছেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবে দলীয় প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহরিন ইরা বলেন, এককভাবে প্রার্থী দিলে এনসিপির সাংগঠনিক পরিচিতি বাড়বে এবং দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারণা এগিয়ে যাবে। এ ছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনেও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, নতুন দল হিসেবে এনসিপি জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছে। সাংগঠনিকভাবে দল এগিয়ে যাচ্ছে। নতুন দল হিসেবে জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছে এনসিপি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এনসিপির নড়াইল জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা আহ্বায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও উজ্জ্বল মোল্যা, যুগ্ম সদস্যসচিব সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পিকুল ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জ্বল, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সভা শেষে কালিয়া উপজেলার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা। এদিকে বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর এবং নড়াইল সদরেও দলটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




