টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও কারখানার সামনে বসে আছেন শ্রমিকেরা। ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা।
আজ সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর আউচপাড়া এলাকায় কারখানাটির সামনে এ বিক্ষোভ শুরু হয়। পরে শ্রমিকেরা স্থানীয় খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন না দিয়েই কর্তৃপক্ষ গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এ অবস্থায় আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া দিতে পারছেন না, দোকানে বাকি জমেছে। পরিবার ও সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে তাদের।
এ বিষয়ে জানতে কারখানাটির অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করেই কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছিল। বকেয়া বেতন আদায় ও কারখানা চালুর দাবিতে শ্রমিকেরা সকালে সড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।




