দর্শনায় বজ্রপাতে ৩ নারী আহত, মারা গেল হালের বলদ

গ্রাফিকস: আগামীর সময়
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী শ্যামপুর গ্রামে বজ্রপাতে তিন নারী গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় একটি হালের বলদ মারা গেছে।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) এবং শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)। তাদের মধ্যে মহিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, সন্ধ্যায় শ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার বাড়ির ছাদে বজ্রপাত হয়। এতে তার গোয়ালে থাকা একটি হালের বলদ ঘটনাস্থলেই মারা যায়। বজ্রপাতের প্রভাবে পাশের বাড়ির উঠানে থাকা মহিমা খাতুন, আফসানা বেগম ও রাবেয়া খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করান। মহিমা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
সেন্টু মিয়া জানিয়েছেন, সন্ধ্যায় তার বসতবাড়ির চালে বজ্রপাত হলে একটি গরু মারা যায় এবং পাশের বাড়ির তিন নারী আহত হন।
দর্শনা থানার ওসি হিমেল রানা ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়েছেন।





