সিলেটে হামের উপসর্গে থামল আরও ৩ প্রাণ

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া তিনজন হলেন- বর্ণা রাণী, এহসানুল ও আয়ান। এর মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, এহসানুলের ৩ বছর ৪ মাস এবং আয়ানের বয়স ৮ মাস। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সম্প্রতি হামের উপসর্গ নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে নতুন করে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রতিদিনই অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দুর্গম এলাকার শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুঝুঁকিতেও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে।




