আশুলিয়ায় আগুনে পুড়ল গোডাউন ও বসতঘর

সংগৃহীত ছবি
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় জুট ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি গোডাউন ও সংলগ্ন বসতবাড়ির কয়েকটি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় শনিবার (১০ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে থাকা তুলায় ছড়িয়ে পড়ে। পরে পাশের জুটের গোডাউন ও সংলগ্ন বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনে ১০টি গোডাউন ও পাশের বসতবাড়ির কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।




