জামালপুরে একটি সেতুর অপেক্ষায় ৫৬ বছর, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

ছবি: আগামীর সময়
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি সেতুর অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মাণে প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিলের পাড় খালের ওপর একটি সেতু নির্মাণ করা হলে ঘুরে যাবে এই এলাকার আর্থসামাজিক অবস্থা। তবে বার বার আবেদন করা সত্ত্বেও সেতুটি নির্মাণ করা হচ্ছে না।
সরেজমিন দেখা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে ছোট একটি খাল। বিলেরপাড় গ্রামকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে খালটি। খালের দুই পাড়ে রয়েছে সড়ক। এই সড়ক দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম, কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় এই খালটিতে পানি থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিশেষ করে ফসল পরিবহনে সমস্যায় পড়তে হয় কৃষকদের।
স্থানীয়দের দাবি, সেতুটি নির্মিত হলে জনভোগান্তি যেমন কমে যাবে তেমনি গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চার হবে। সেই সঙ্গে বদলে যাবে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি সেতু নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলছিলেন, আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি পাড়ি দিয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি সেতু নির্মিত হলে আমাদের ভোগান্তি কমে যাবে।
একই গ্রামের ছাত্তার মিয়া বলছিলেন, জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।
পল্লী চিকিৎসক হযরত আলীর ভাষ্য, এমপি-মন্ত্রী, সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর সেতু নির্মাণসহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এ বিষয়ে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি সেতু নির্মাণ প্রয়োজন। সেতু নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত সেতু নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



