নিজ অফিসে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জন্মদিন পালন, পেলেন নানা উপঢৌকন

প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জন্মদিন উপলক্ষেে উপহার দিচ্ছেন শিক্ষকরা
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিজের জন্মদিন পালন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আ. জব্বার।
অনুষ্ঠানে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষক। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। অফিস চলাকালে এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরের কর্মপরিবেশ ব্যাহত করে শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কেক কাটছেন। এ সময় উপস্থিত শিক্ষকেরা ফুল ও উপহারের প্যাকেট হাতে তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
ছবিতে আরও দেখা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. জব্বারকে শিক্ষক-কর্মচারীরা কেক খাইয়ে দিচ্ছেন। মোমবাতি জ্বালিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অফিসের কর্মচারীরা। এ ছাড়া কয়েকজন শিক্ষক দলবদ্ধভাবে তার হাতে পোশাকসহ বিভিন্ন পণ্যের প্যাকেট তুলে দিচ্ছেন।
এর এক দিন আগে, ১৫ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জন্মদিনের শুভ লগ্নে শুভাকাঙ্ক্ষীদের মনে পড়ে...’ শিরোনামে একটি স্বরচিত কবিতা পোস্ট করেন আ. জব্বার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, জন্মদিনের আগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অর্থ ছিল তারা যেন চাঁদা তুলে জন্মদিনের আয়োজন করেন। তাদের ভাষ্য, বাধ্য হয়ে তারা অর্থ সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে আ. জব্বার এবং তার স্ত্রী-সন্তানদের জন্য শার্ট, প্যান্ট, ব্লেজার, শাড়িসহ দামি কিছু সামগ্রী কিনে দিতে হয়েছে।
এদিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাসান মনে করেন, সরকারি অফিসে শিক্ষকদের নিয়ে কর্মকর্তার জন্মদিন পালন করা চাকরিবিধির লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
তাদের দাবি, বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলাকালে শিক্ষকদের নিয়ে সরকারি অফিসে বসে কর্মকর্তার জন্মদিন পালন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এবং ১৯৭৯ সালের বিধিমালার বিধি ৫, ৭, ৯ ও ২৭ এবং শিষ্টাচার ও নৈতিকতা বিধির লঙ্ঘন। এ ধরনের আয়োজন শিক্ষকদের বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং অন্যান্য অনিয়মে উৎসাহিত করতে পারে বলেও মন্তব্য করেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. জব্বার বললেন, ‘এটা ছোটখাটো বিষয়। শিক্ষকদের ভালো লেগেছে, তাই তারা আমার জন্মদিনের অনুষ্ঠান করেছে।’




