লাকসাম
লোকালয়ে দলছুট বানরের কাণ্ড!

উপজেলার বেতিহাটি গ্রামে দলছুট বানরটিকে দেখা যায়, ছবি: আগামীর সময়
কুমিল্লার লাকসামে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি বানর। পরিবেশ বিপর্যয় ও খাদ্যসংকটের কারণে বানরটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছে অনেকে।
আজ শনিবার সকাল থেকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটিসহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে বানরটি। বানরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
হঠাৎ বাড়ির টিনের চালে বানরের ছোটাছুটি দেখে মানুষের নজর পড়ে। কখনো আমগাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনো টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই।
সরেজমিন দেখা গেছে, এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক, রুটি, যা ছুড়ে দিচ্ছে, সেটাই গ্রহণ করছে বানরটি। কেউ প্রাণীটির দৃষ্টি আকর্ষণের জন্য নানাভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করছে। আবার কেউ-বা কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছেন। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বারবার পরিবর্তন করছে বানরটি।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মিলন হোসেন জানিয়েছেন, কয়েক মাস আগেও এই গ্রামসহ আশপাশের গ্রামে বানরটিকে দেখা গেছে। দুরন্ত কিশোরদের তাড়া খেয়ে এই বাড়ি ওই বাড়ি দৌড়ে পালিয়ে বেড়াচ্ছিল বানরটি।
লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান দুলাল বানরটিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন।
এদিকে বানরটি সংরক্ষণের জন্য লাকসাম উপজেলা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মো মোয়াজ্জেম হোসেন খোন্দকার বলেন, খাদ্যের অভাব এবং নিরাপদ আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ার কারণে বানরটি নিরাপদ খাদ্য ও আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বানরটি কোথা থেকে কীভাবে এ এলাকায় এসেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।



