ট্রিপল মার্ডারের নেপথ্যে কুশীলব থাকলে ছাড় নয়: মন্ত্রী আরিফ

রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলা’য় নিহত দম্পতির বাসভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট মহানগরীর রায়নগরে প্রবীণ ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমসহ তিনজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো কুশীলব থাকলে তাকেও ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলা’য় নিহত দম্পতির বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী।
এ সময় তিনি নিহতদের স্বজনদের খোঁজ-খবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। মন্ত্রীকে কাছে পেয়ে স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী নৃশংস এই হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ ও নিন্দা জানান। তিনি বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্ত্রী বলেছেন, কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেছেন, মামলাটির তদন্ত ও নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






