এসিআর না দেওয়ার অভিযোগে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

বালিয়াকান্দিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহার অবরুদ্ধ করেছেন শিক্ষকরা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহার। বদলি হয়ে যাচ্ছেন কুষ্টিয়া। কিন্তু বালিয়াকান্দির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গোপনীয় প্রতিবেদনে (এসিআর) স্বাক্ষর না করেই চলে যাচ্ছেন তিনি। এমনই অভিযোগ তুলে তাকে অবরুদ্ধ করে রেখেছেন শতাধিক শিক্ষক।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান ফটক বন্ধ করে তাকে অবরুদ্ধ করা হয়।
এ ঘটনায় শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ।
উপজেলার কয়েকজন প্রধান শিক্ষক অভিযোগ করেন, তাজমুন্নাহার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তার বিরুদ্ধে স্লিপ ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। সম্প্রতি তাজমুন্নাহারকে বালিয়াকান্দি থেকে কুষ্টিয়ার খোকসায় বদলি করা হয়েছে। তবে যাওয়ার আগে তিনি উপজেলার ৫৩ জন প্রধান শিক্ষকের এসিআর স্বাক্ষর করছেন না বলে অভিযোগ শিক্ষকদের। এতে তারা উচ্চতর গ্রেড, পদোন্নতিসহ চাকরিসংক্রান্ত বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া ইসলাম বললেন, ‘আমাদের ৫৩ জন প্রধান শিক্ষকের এসিআর স্বাক্ষর বাকি রয়েছে। যেটা সরকারি চাকরিজীবীদের জন্য অতি প্রয়োজনীয়। উচ্চতর গ্রেড, পদোন্নতিসহ বিভিন্ন কাজে এসিআর অতি আবশ্যক। এটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সকাল থেকে তাকে অনুরোধ করছি, কিন্তু তিনি এসিআরে স্বাক্ষর করবেন না।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, বালিয়াকান্দির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারকে সম্প্রতি বদলি করা হয়েছে। শিক্ষকদের এসিআর না দেওয়ার কারণে তারা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আগামী রবিবার তাজমুন্নাহারের কুষ্টিয়ার খোকসায় যোগদানের কথা রয়েছে।
তিনি বলেন, ‘আমি তাকে শিক্ষকদের এসিআর দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি।’
তবে শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহার বললেন, ‘কয়েকজন শিক্ষক অনৈতিক দাবি নিয়ে আমার কাছে আসছিলেন। আমি নিয়মের বাইরে কোনো কিছু করব না।’
গত ৮ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোছা. তাজমুন্নাহারকে বালিয়াকান্দি থেকে কুষ্টিয়ার খোকসায় বদলি করা হয়।





