দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষায় পরিবর্তন আনতে হবে : শিক্ষামন্ত্রী

ছবিঃ আগামীর সময়
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। কারণ শিক্ষাব্যবস্থায় গুনগত পরিবর্তন আনা গেলে উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ।’
আজ সোমবার দুপুরে যশোরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য নকলমুক্ত পরিবেশ জরুরি বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘বিগত সময়ে শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যার ফলে বিস্তার লাভ করে নকলের সংস্কৃতি। বর্তমানে ডিজিটাল মাধ্যমেও নকল ছড়িয়ে পড়ছে।’
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সভায় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মো. মতিউর রহমান, ডা. মুসলেহউদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম, জি এম নজরুল ইসলাম ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র সচিবরা।
















