ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে, বললেন প্রিন্স

ধোবাউড়া উপজেলায় মোটরসাইকেল মিছিলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: আগামীর সময়
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতনের আগে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন লকডাউনের নামে জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দলটি। তবে ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে।
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আয়োজিত মোটরসাইকেল মিছিল ও পৃথক পাঁচটি পথসভায় এ কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
মোটরসাইকেল মিছিলটি ধোবাউড়ার ৩১ কিলোমিটার সীমান্ত সড়কসহ ৫৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী গাছুয়াপাড়া, মুন্সিপাড়া, নয়াপাড়া, গলিভাঙ্গা ও ভূঁইয়াপাড়াসহ ধোবাউড়া সদরে পথসভা অনুষ্ঠিত হয়।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বললেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও নৈরাজ্য ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে বিজিবি ও প্রশাসনসহ সর্বশক্তি দিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নেই।
কর্মসূচিতে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম তালুকদার টোটন, গাজিউর রহমান ও আব্দুল মোমেন শহীন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আবুল কাশেম ডলার ও ফরহাদ আল রাজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন ও সদস্যসচিব সাইফুল ইসলাম পলাশ, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।



